রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মানারাত শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা জোবায়ের নিহত

Printed Edition

রাজধানীর মোহাম্মদপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী এবং জুলাই গণ-অভ্যুত্থানের সক্রিয় কর্মী মো: আবু জোবায়ের (২২) নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার এবং সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের রূহের মাগফিরাত কামনা করে গতকাল মঙ্গলবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আইন বিভাগের উদ্যোগে এক আবেগঘন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, গত সোমবার রাত ১১টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটির কাছে এ দুর্ঘটনা ঘটে। জোবায়ের তার দুই বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে এক বন্ধুর বাসায় যাচ্ছিলেন। এই সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে জোবায়ের গুরুতর আহত হন। স্থানীয় জনতা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইন বিভাগের প্রধান আবদুল্লাহ হিল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। এক শোকবার্তায় তিনি বলেন, জোবায়েরের মতো একজন প্রতিভাবান শিক্ষার্থীর চলে যাওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তথা জুলাই গণ-অভ্যুত্থানে জোবায়ের শুরু থেকেই রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। নিহত জোবায়েরের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগীরপাড়া গ্রামে। তার বাবা মো: আবুল কালাম আজাদ একজন সাধারণ কৃষক এবং মা জহুরা বেগম গৃহিণী। পারিবারিক সূত্রে জানা যায়, এর আগে ২০১৪ সালে তাদের আরেক ছেলে মারা যান। বড় ছেলের পর এবার জ্যেষ্ঠ সন্তান জোবায়েরের মৃত্যুতে পরিবারটি সম্পূর্ণ দিশেহারা ও গভীরভাবে শোকস্তব্ধ হয়ে পড়েছে। বিজ্ঞপ্তি।