ভারতে টেলিগ্রামের ওপর সাময়িক নিষেধাজ্ঞা

Printed Edition

দ্য টাইমস অব ইন্ডিয়া

আসন্ন নিট-ইউজি পুনঃপরীক্ষায় সব ধরনের জালিয়াতি প্রতিরোধ এবং ভুয়া বিভ্রান্তি ছড়ানো ঠেকাতে ভারতে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে নেয়া সরকারের এমন কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

সংস্থাটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, এনটিএ-এর সুনির্দিষ্ট সুপারিশের ভিত্তিতে দেশটির ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আগামী ২২ জুন পর্যন্ত পুরো ভারতে টেলিগ্রামের ব্যবহার সীমিত বা ব্লক করার নির্দেশ জারি করেছে। এর পাশাপাশি, এই প্ল্যাটফর্মটির অপব্যবহার রুখতে আগামী ৩০ জুন পর্যন্ত এর ‘মেসেজ এডিটিং ফিচারটি’ বা বার্তা সংশোধনের সুবিধা পুরোপুরি বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষকে স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। এনটিএ জানিয়েছে, বিভিন্ন সংগঠিত জালিয়াত চক্রের তৎপরতা নস্যাৎ করতেই এই জোরালো পদক্ষেপ। ভারতে কিছু স্বার্থান্বেষী ও সুবিধাভোগী গোষ্ঠী টেলিগ্রামের মাধ্যমে প্রশ্ন ফাঁসের মিথ্যা দাবি ছড়িয়ে সাধারণ পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার পাশাপাশি বড় ধরনের প্রতারণা চালিয়ে আসছিল। বিশেষ করে, পরীক্ষা শেষ হওয়ার পর এই চক্রটি টেলিগ্রামের মেসেজ এডিটিং ফিচার ব্যবহার করে কৃত্রিমভাবে ‘প্রশ্ন ফাঁসের প্রমাণ’ তৈরি করত। এই ফিচারের সুবাদে চ্যানেলের অ্যাডমিনরা পরীক্ষার পর পুরনো পোস্টে গিয়ে আগের ফাইল বা ডকুমেন্ট সরিয়ে সেখানে মূল প্রশ্নপত্রটি আপলোড করে দিত। এতে করে পোস্টের মূল সময় অপরিবর্তিত থাকলেও ভেতরে নতুন ফাইলটি দেখা যেত, যা দেখে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হতো যে প্রশ্নপত্রটি হয়তো পরীক্ষার আগেই ফাঁস হয়েছে।