বেনাপোলে কোটি টাকার পণ্য জব্দ

Printed Edition

বেনাপোল (যশোর) সংবাদদাতা

যশোরের বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কসমেটিকসের চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গত রোববার সন্ধ্যায় বন্দরের ২৬ নম্বর শেডে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টিএস ইন্টারন্যাশনাল নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ইরেজার, কালার পেনসিল ও ওয়াটার কালার পেনসিল ঘোষণা দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ শাড়ি ও কসমেটিকস আমদানি করে বন্দরে সংরক্ষণ করেছে।

এ তথ্যের ভিত্তিতে কাস্টমসের আইআরএম (ইনভেস্টিগেশন, রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট) টিম পণ্যগুলো পরীক্ষা করে ঘোষণার সাথে আমদানিকৃত পণ্যের মিল না পেয়ে চালানটি জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে তিন হাজার ৩৮৫টি উন্নত মানের ভারতীয় শাড়ি এবং ৯৬০ কেজি ফেস ক্রিম। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। বেনাপোল কাস্টমস কমিশনার ফাইজুর রহমান বলেন, সরকারের রাজস্ব ফাঁকির সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।