মা হত্যার বিচার চাওয়ায় সন্তানদের হুমকি ও মিথ্যা মামলার অভিযোগ

Printed Edition

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছায় মা রাশিদা বেগম হত্যা মামলার বিচার চাওয়ায় এতিম সন্তানদের জীবননাশের হুমকি ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে প্রধান আসামি আপন চাচা মহিদুল গাজীর বিরুদ্ধে। গত সোমবার কপিলমুনির কাশিমনগর বাজারে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নিহতের ছেলে ইটভাটা শ্রমিক রিফাত গাজী (২০) ও মেয়ে তাসমিরা খাতুন (১৪)।

লিখিত বক্তব্যে রিফাত জানান, ২০২১ সালে বাবার মৃত্যুর পর তিনি ভাটায় কাজ করে মা, বোন ও দাদীর ভরণপোষণ করতেন। ২০২৩ সালের ২৫ ডিসেম্বর সকালে চাচা মহিদুল তার মাকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় তিনি বাদি হয়ে মহিদুলকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। চলতি বছরের ২১ এপ্রিল জামিনে বেরিয়ে মহিদুল মামলা তুলে নিতে রিফাত ও তার বোনকে হত্যার হুমকি দিচ্ছে। এ দিকে মামলা প্রত্যাহারের চাপ দিতে মহিদুল উল্টো এতিম ভাইবোন ও সাক্ষীদের বিরুদ্ধে আদালতে ১৭ লাখ টাকা লুটপাটের মিথ্যা মামলা করেছেন।

রিফাত আরো জানান, ময়না তদন্তের রিপোর্টে ঘটনাটি আত্মহত্যা প্ররোচনা হিসেবে দেখানো হলেও তার মাকে আসলে নির্যাতন করে মারা হয়েছে। বাবার মৃত্যুর পর থেকে চাচা তার মাকে যৌন হয়রানি করতেন। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।