বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডের সমর্থক প্রধানমন্ত্রী

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে গত ১১ জুন জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের। প্রথম ম্যাচে অংশ নেয় সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। সবচেয়ে বড় এই ৩৯ দিনের টুর্নামেন্টে এবার রেকর্ড ৪৮টি দলের হবে ১০৪টি ম্যাচ। আগামী ১৯ জুলাই নিউ ইয়র্কে অনুষ্ঠিত ফাইনালের মাধ্যমে পর্দা নামবে বিশ্বকাপের।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গতকাল বিকেলে বিএনপি বিটের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনার এক পর্যায়ে সাংবাদিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, বিশ্বকাপ ফুটবল চলছে, বিশ্বকাপের জোয়ারে ভাসছে বাংলাদেশও। আপনি কোন দেশকে সমর্থন করেন? বিশ্বকাপ ফুটবলে নিজের পছন্দের দলের নাম সরাসরি না জানালেও ইংল্যান্ডের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী সরাসরি জবাব না দিয়ে বলেন, ‘আমি দীর্ঘ দিন একটি দেশে ছিলাম, বুঝতেই তো পারছেন।’ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে আবারো বলেন, ‘আপনি আপনার উত্তর পেয়েছেন তো?’

২০০৮ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য স্ত্রী ডা: জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সাথে নিয়ে লন্ডনে যান তারেক রহমান। সেখানে দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি সপরিবারে স্বদেশে ফিরে আসেন।