একাদশ নিয়ে লিটনের ধোঁয়াশা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার টি-২০ সিরিজ জয়ের লক্ষ্যে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ বেলা ২টায় অসিদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করতে যাচ্ছে টাইগাররা। তবে একাদশ নিয়ে ধোঁয়াশায় রাখলেন অধিনায়ক লিটন দাস। বিশেষ করে স্পিন আক্রমণে কাদের দেখা যাবে, সেটি ম্যাচের আগ পর্যন্ত গোপনই রাখলেন তিনি।

স্কোয়াডে রিশাদ হোসেন ও নাসুম আহমেদের সাথে আরো একজন স্পিনার থাকায় একাদশে স্পিন কম্বিনেশন নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে অধিনায়কের কথায় পরিষ্কার, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ম্যাচের দিন উইকেটের আচরণের ওপর। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা, কোন উইকেটে খেলছি, উইকেটের আচরণ কেমন হবে; সবকিছুু বিবেচনায় নিয়েই একাদশ সাজানো হবে। যেহেতু দুইজনের বেশি তিন স্পিনার একসাথে খেলার সম্ভাবনা খুব কম। আবার খেলতেও পারে। দেখা যাক, কাল (আজ) পর্যন্ত অপেক্ষা করেন।’

অবশ্য একাদশ নিয়ে প্রশ্নের পাশাপাশি দলের আত্মবিশ্বাস নিয়েও কথা বলেছেন লিটন। ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো ক্রিকেট খেলাকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি। লিটন বলেন, ‘অবশ্যই যখন বড় দলের সাথে ভালো ক্রিকেট খেলবেন, শুধু সিরিজ জেতাই নয়, আমরা তিন ম্যাচেই ভালো ক্রিকেট খেলেছি। এটা আমাদের জন্য ইতিবাচক। তবে টি-২০ ভিন্ন ফরম্যাট। আমাদের দলও ভিন্ন, তাদের দলও ভিন্ন। তবু বেশির ভাগ ক্রিকেটার ওয়ানডে সিরিজ খেলেছে, তাই আত্মবিশ্বাসটা আছে।’

বাংলাদেশের পেস আক্রমণও এবার পূর্ণ শক্তিতে ফিরেছে। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের ফেরায় বেড়েছে প্রতিযোগিতা। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন লিটন। ‘এটা দলের জন্য খুবই ভালো। বেঞ্চ অনেক শক্ত হয়েছে। যেকোনো খেলোয়াড়কে খেলানো সম্ভব। তাসকিন ও ফিজ বড় নাম। তাদের অভিজ্ঞতাও অনেক। আগের সিরিজে বিশ্রামে ছিল, এখন ফিরেছে।