নাঈমের আবেগঘন বার্তা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রামে পুলিশি হয়রানির পর নাঈম হাসানের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ ছিল ক্রিকেটাঙ্গনে। প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলেছেন জাতীয় দলের স্পিনার নাঈম হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং কঠিন সময়ে পাশে দাঁড়ানোয় সবার প্রতি কৃতজ্ঞ।

গতকাল এক ফেসবুক পোস্টে নাঈম লিখেছেন, ‘প্রথমেই আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ রহমতে আমি এখন নিরাপদে আছি এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। ঘটনার পরপরই যারা এগিয়ে এসে আমাকে সাহায্য করেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

নাঈমকে অযাচিতভাবে আটকের ঘটনায় ক্রিকেটাঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। তাকে উদ্ধারে দ্রুত উদ্যোগ নেন বিসিবি সভাপতি তামিম ইকবালসহ বোর্ডের অন্য পরিচালকরাও। একই সাথে ক্রিকেটারদের সংগঠন কোয়াবও দ্রুত প্রতিনিধি পাঠিয়ে তার পাশে দাঁড়ায়। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাঈম লিখেছেন, ‘সঙ্কটময় সেই মুহূর্তে যারা দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আপনাদের সবার নাম হয়তো আমি জানি না, কিন্তু আপনাদের মানবিকতা ও সহমর্মিতা আমি কখনই ভুলব না। আমার ভক্ত, বন্ধু, সতীর্থ, শুভাকাক্সক্ষী এবং যারা ফোন, বার্তা, সাক্ষাৎ ও দোয়ার মাধ্যমে আমার খোঁজ নিয়েছেন, সবার ভালোবাসা ও উদ্বেগে আমি অভিভূত। এই কঠিন সময়ে আপনাদের সমর্থন আমাকে অনেক শক্তি জুগিয়েছে।’ এ সময় যোগাযোগ করতে না পারার জন্যও দুঃখ প্রকাশ করেছেন এই স্পিনার। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘সব ফোনকলের উত্তর দিতে না পারা বা প্রতিটি বার্তার জবাব দিতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত।’