নোয়াখালী অফিস
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় মঙ্গলবার দুপুরে কোনো পূর্বঘোষণা ছাড়াই নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে হাসপাতালে চরম অনিয়ম ও পরিচালনায় ব্যর্থতার প্রমাণ পাওয়ায় হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করা হয়েছে এবং একইসাথে জেলা সিভিল সার্জন ডা: আনোয়ার হোসেনকে হাসপাতালের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।
বেলা ২টায় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন নোয়াখালী জেনারেল হাসপাতালে পৌঁছান। সেখানে তিনি সরাসরি চিকিৎসকদের হাজিরা খাতা ও ডিউটি রোস্টার যাচাই করে বেশ কয়েকজন চিকিৎসকের কর্মস্থলে অনুপস্থিতি ও দেরিতে উপস্থিত হওয়ার তথ্য পান। পরিদর্শনের একপর্যায়ে মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, প্যাথলজি ল্যাবসহ বিভিন্ন ওয়ার্ড ও টয়লেট ঘুরে দেখেন। এ সময় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, ওষুধের মজুদ এবং রোগীদের খাবারের নিম্নমান ও নানাবিধ অনিয়ম দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
মন্ত্রীকে কাছে পেয়ে রোগী ও স্বজনরা হাসপাতালে কাক্সিক্ষত সেবা না পাওয়া, দালালচক্রের সীমাহীন দৌরাত্ম্য এবং টয়লেটের চরম অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ উগরে দেন। স্বজনরা মন্ত্রীর কাছে সরাসরি অভিযোগ করে বলেন, এই হাসপাতালে সেবা পেতে উঠতে-বসতে টাকা লাগে। উদ্ভূত পরিস্থিতিতে মন্ত্রী অনতিবিলম্বে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেন।



