সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

ভুয়া এমবিবিএস চিকিৎসককে কারাদণ্ড

চিকিৎসক না হয়েও এমবিবিএস ডিগ্রি ব্যবহার এবং ভুল চিকিৎসার অভিযোগে সাতক্ষীরার কালীগঞ্জে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলার নলতা হাটখোলা এলাকায় ‘মানবস্বপ্ন হেলথ কেয়ার সেন্টার’-এ অভিযান চালিয়ে এ দণ্ড দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত ইয়াসিন আলী পলাশ দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সাথে নিয়ে অভিযান চালানো হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাতক্ষীরা প্রতিনিধি।

পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটকের চেষ্টাকালে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের একটি ওয়াকিটকি, কয়েকটি মোবাইল ফোন, একটি ব্যাগ ও একটি পুলিশি কটি ছিনিয়ে নেয়া হয়। পরে অভিযান চালিয়ে বেশির ভাগ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ এবং দুই নারীকে আটক করা হয়েছে। গত সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।

ময়মনসিংহে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। গত সোমবার বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ সিটি করপোরেশন বাস টার্মিনাল এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও কনক্রিট স্থাপনা ভেঙে ফেলা হয়। একই সাথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়। ময়মনসিংহ অফিস।

মাদক বিক্রিতে বাধা দেয়ায় হামলা

বগুড়ার সোনাতলায় মাদক বিক্রিতে বাধা দেয়াকে কেন্দ্র করে ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান জুয়েলের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ও তার ভাতিজা নীরব আহত হয়েছেন। গত সোমবার দুপুরে উপজেলার কাবিলপুর গ্রামের নাপিতবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচা নিয়ে উচ্চস্বরে বাগি¦তণ্ডায় জড়ালে জোহরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে জিয়াউর রহমান তাদের শান্ত থাকতে বলেন এবং এলাকায় মাদক বিক্রি না করার আহ্বান জানান। এ সময় কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় বাঁশের লাঠির আঘাতে জিয়াউর রহমান আহত

হন। সোনাতলা (বগুড়া) সংবাদদাতা।