নতুন হিজরি বছরের শুরুতেই নতুন গিলাফে সেজেছে পবিত্র কাবা শরীফ। মঙ্গলবার (১৬ জুন) সকালে গিলাফ পরিবর্তন সম্পন্ন হয় এবং এর আগে, পরিবর্তনের এই কার্যক্রম শুরু হয় সোমবার সন্ধ্যা থেকে।
সৌদি সংবাদমাধ্যম আল-ইখবারিয়া জানায়, নতুন গিলাফটি কারখানা থেকে কাবাপ্রাঙ্গণে আনা হয় বিশেষ প্রটোকল মেনে।
সংবাদমাধ্যমটির মতে- প্রতি বছরের মতো এবারো রাজকীয় ও মর্যাদাপূর্ণ আবহে এই বার্ষিক কর্মসূচি সম্পন্ন হয়েছে, যা ইসলামী ঐতিহ্যের অংশ হিসেবে শত শত বছর ধরে চলে আসছে।
পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ এবং কিং আবদুল আজিজ কমপ্লেক্সের একদল বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত কারিগর এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
শুরুতে গিলাফে থাকা স্বর্ণের প্রলেপযুক্ত ও রুপার তৈরি বিভিন্ন ক্যালিগ্রাফি, নকশা, লণ্ঠন আকৃতির অলঙ্করণ এবং কাবা শরীফের দরজার পর্দাটি অত্যন্ত সতর্কতার সাথে খুলে ফেলা হয়।
এরপর পুরনো গিলাফটি নামিয়ে কমপ্লেক্স থেকে আনা নতুন গিলাফটি নিখুঁতভাবে পরানোর কাজ শুরু হয়।
পুরো প্রক্রিয়াটি সর্বোচ্চ মান ও নিখুঁত সুরক্ষা নিশ্চিত করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হয়েছে।


