অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে বেলা ২টায় শুরু হয়েছে খেলা। যেখানে টসে জিতে আগে ব্যাট করছে টাইগাররা।
তবে এই ম্যাচে টস করতে আসেননি নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার বদলে অভিষেক হচ্ছে তাওহিদ হৃদয়ের। দেশের হয়ে নেতৃত্বে আগে কখনোই নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা নেই তার।
মূলত তৃতীয় ওয়ানডেতে পাওয়া চোটের কারণে ম্যাচটা খেলতে পারছেন না লিটন দাস। বিশ্রামে রাখা হয়েছে তাকে। অন্যদিকে নেতৃত্ব পেয়েই প্রথম ম্যাচে টসে জিতেছেন হৃদয়।
ওয়ানডে সিরিজটা ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। টি-টুয়েন্টিতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের স্মৃতিটা ভালো বাংলাদেশের জন্য। ২০২১ সালে ৪-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।
এদিকে এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে আব্দুল গাফফার সাকলায়েনের। এই পেস অলরাউন্ডার প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন।
অন্যদিকে বিশ্রাম দেয়া হয়েছে তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে। পেস বিভাগে সাকলায়েন ছাড়াও আছেন মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
এছাড়া দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন সৌম্য সরকার। ২০২৪ সালে শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। আছেন সাইফ হাসানও। অর্থাৎ চার ওপেনার আছে আজ একাদশে।
বাংলাদেশ একাদশ
তানজিদ তামিম, পারভেজ ইমন, সৌম্য সরকার, সাইফ হাসান, তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম পাটোয়ারী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, আ.গাফফার সাকলায়েন ও শরীফুল ইসলাম।


