তাড়াহুড়ো করেই ম্যাচ হেরেছে বাংলাদেশ

বাউন্ডারির আকার নিয়ে প্রশ্ন উঠলেও তালহার মতে, সেটি বড় কোনো অজুহাত নয়। বরং উইকেটে টিকে থেকে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করলেই ভালো ফল পাওয়া যেত।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের
বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের |সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। ১৩১ রানে থেমে যায় ইনিংস, আর সেই রান তাড়া করে সহজেই জয় তুলে নেয় সফরকারীরা।

ম্যাচ শেষে ব্যাটারদের অতিরিক্ত তাড়াহুড়োকে হারের অন্যতম কারণ হিসেবে দেখিয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। সংবাদ সম্মেলনে তিনি বলেন—

‘পাওয়ারপ্লেতে আমরা ৫২ রান করেছি, যা দারুণ সূচনা ছিল। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি। আমাদের বড় জুটি গড়ার সুযোগ ছিল, অথচ আমরা ধৈর্য না ধরে অতিরিক্ত বাউন্ডারির দিকে ঝুঁকে পড়েছি।’

উইকেটের চরিত্র নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। তার মতে, এটি মোটেও ২০০ রানের উইকেট ছিল না। ব্যাটারদের পরিস্থিতি বুঝে খেলার প্রয়োজন ছিল, কিন্তু তারা অনেক বলেই বড় শট খেলার চেষ্টা করেছে।

‘পাওয়ারপ্লেতে ভালো শুরু হওয়ার পর মনে হয়েছে সব বলই মারা যাবে। কিন্তু বাস্তবে সব বল মারার মতো ছিল না। বাতাসও একটা বড় ভূমিকা রেখেছে। না হলে ইমনের একটি শট হয়তো ছক্কাই হতো,’ বলেন তিনি।

তালহার বিশ্বাস, আরো ৩০ থেকে ৩৫ রান যোগ করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। তার মতে, অজিরা পরিকল্পিতভাবেই ব্যাটারদের বড় শট খেলতে প্রলুব্ধ করেছে ও সেই ফাঁদেই পা দিয়েছে টাইগাররা।

‘ওরা যেভাবে ট্র্যাপ করেছে, আমরা ঠিক সেভাবেই ফেঁসে গেছি। ওদের লক্ষ্য ছিল বড় শট খেলতে গিয়ে আমাদের ভুল করানো, আর সেটাই হয়েছে। আমরা অতিরিক্ত বাউন্ডারির ওপর নির্ভর করেছি।’

তিনি আরো বলেন, ‘ইনিংসটা যদি একটু গুছিয়ে নেয়া যেত, ২০-৩০ রানের কয়েকটি জুটি তৈরি হতো, তাহলে ম্যাচের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা হতে পারত। আমার বিশ্বাস, ব্যাটাররাও এ কথার সাথে একমত হবে।’

বাউন্ডারির আকার নিয়ে প্রশ্ন উঠলেও তালহার মতে, সেটি বড় কোনো অজুহাত নয়। বরং উইকেটে টিকে থেকে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করলেই ভালো ফল পাওয়া যেত।

‘আপনার সঙ্গী যখন ভালো খেলছে, তখন নিজের পরিকল্পনাও বদলানো যায়। আমাদের সবচেয়ে বড় ভুল ছিল সহজে উইকেট বিলিয়ে দেয়া। মেহেদী এক ওভারে টানা তিনটি চার মেরেছে।

সেখানে যদি একজন স্বীকৃত ব্যাটার তার সাথে আরো কিছুক্ষণ থাকত, তাহলে অস্ট্রেলিয়ার জন্য কাজটা অনেক কঠিন হয়ে যেত,’ যোগ করেন তালহা।