হামিদুর রহমান আযাদ

ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি

সর্বশেষ তিনি ছাত্রশিবিরের জনশক্তিদের উদ্দেশে চরিত্র গঠন, আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ়করণ এবং সর্বস্তরের ছাত্রদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

নিজস্ব প্রতিবেদক
ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ
ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ |ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি।

বুধবার (১৭ জুন) ফরিদপুর শহর ও জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, নতুন সরকারের কাছে জনগণের আকাঙ্ক্ষা ছিল ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গণভোটের রায়ের মাধ্যমে সংবিধান সংস্কারের। কিন্তু বিএনপি গণভোটের রায়কে প্রত্যাখান করে জাতির সাথে বেইমানি করেছে। জনগণের মূল্যবান রায় বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দল সংসদের পাশাপাশি রাজপথে আন্দোলন করে যাচ্ছে।

তিনি আরো বলেন, ৭১ ভাগ জনগণ সংবিধান সংশোধন নয়; সংস্কারের জন্য গণভোটের রায় দিয়েছে। আমরা জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে এ দাবি মানতে বাধ্য করব ইনশাআল্লাহ।

ড. আযাদ বলেন, সৎ, দক্ষ, যোগ্য লোকের অভাবে বাংলাদেশ দুর্নীতি ও দুঃশাসনের কবল থেকে মুক্ত হতে পারছে না। এ অভাব পূরণের দায়িত্ব ছাত্রশিবিরকে নিতে হবে। ছাত্রশিবিরের বিরুদ্ধে অনেক অপপ্রচার করা হয়েছে, কিন্তু এগুলো করে ছাত্রশিবিরকে তার লক্ষ্য থেকে দূরে রাখা যায়নি।

সর্বশেষ তিনি ছাত্রশিবিরের জনশক্তিদের উদ্দেশে চরিত্র গঠন, আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ়করণ এবং সর্বস্তরের ছাত্রদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আমির মাওলানা বদরুদ্দীন, জেলা নায়েবে আমির মো: ইমতিয়াজ আহমেদ, আবু হারিচ মোল্লা, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব, জেলা কর্মপরিষদ সদসস্যবৃন্দ ও ছাত্রশিবিরের শহর ও জেলা নেতৃবৃন্দ।