শিরোপা ধরে রাখার মিশনে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়ে শুরুতেই অধিনায়ক লিওনেল মেসির জাদুকরী গোলে লিড নিয়েছে লা আলবিসেলেস্তেরা।
ম্যাচের ১৬তম মিনিটে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টিনার অধিনায়ক। বক্সের ঠিক বাইরে বিপজ্জনক এলাকা হিসেবে পরিচিত ‘জোন-১৪’-তে সামান্য জায়গা পেয়েছিলেন মেসি। আর বিশ্বসেরা এই তারকাকে এতটুকু সুযোগ দেয়া যে কতটা ঝুঁকিপূর্ণ, সেটিই আবারো প্রমাণ হলো।
বল পেয়ে মুহূর্তের মধ্যে বাঁ পায়ের শক্তিশালী শটে আলজেরিয়ার গোলমুখে আঘাত হানেন মেসি। তার নেওয়া দুর্দান্ত শটটি গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। তাতে ১৬তম মিনিটেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
মেসির এই অনবদ্য গোলের পর গ্যালারি জুড়ে শুরু হয় উচ্ছ্বাস। সতীর্থরাও অধিনায়ককে ঘিরে উদযাপনে মেতে ওঠেন। বিশ্বকাপের মতো বড় আসরে আবারো দলের প্রয়োজনের মুহূর্তে সামনে এসে নিজের গুরুত্ব প্রমাণ করলেন আটবারের ব্যালন ডি'অরজয়ী তারকা।
গোলের পর আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় আর্জেন্টিনা। অন্যদিকে দ্রুত ম্যাচে ফেরার লক্ষ্যে পাল্টা আক্রমণের চেষ্টা করছে আলজেরিয়া। তবে মেসির দুর্দান্ত গোলে পাওয়া লিড নিয়ে আত্মবিশ্বাসী অবস্থানেই খেলা চালিয়ে যাচ্ছে স্কালোনির দল।
বিশ্বকাপের মঞ্চে আবারো নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন মেসি। শিরোপা রক্ষার অভিযানের শুরুতেই তার এই গোল আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।


