কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎহীন ৭৫ গ্রাম
জয়পুরহাটের আক্কেলপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে পড়েছে। গতকাল বুধবার (৬ মে) দুপুরে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে উপজেলার অন্তত ৭৫টি গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ৩০ হাজার গ্রাহক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তীব্রতায় বিভিন্ন এলাকায় অন্তত ৪৫টি বৈদ্যুতিক খুঁটি হেলে ও ভেঙে পড়েছে। কোথাও উপড়ে পড়া গাছ বিদ্যুতের তারের ওপর পড়ায় লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। একাধিক স্থানে তার ছিঁড়ে যাওয়ায় পুরো ফিডার লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বুধবার দুপুরের ঝড়ের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর পৌরশহরের কিছু এলাকায় বিদ্যুৎ ফিরলেও হাস্তাবসন্তপুর, পালপাড়া, জিয়ানীপাড়া, শ্রীকৃষ্টপুর ও শান্তা মহল্লাসহ বিস্তীর্ণ গ্রামাঞ্চলে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিদ্যুৎ পৌঁছেনি।
পালপাড়া মহল্লার বাসিন্দা মাহমুদুর রহমান জানান, বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা খাবার নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ঝড়ের পর থেকে পুরো ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে।
আক্কেলপুর পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে মাঠপর্যায়ে একাধিক টিম কাজ করছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ায় পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কিছুটা সময় লাগতে পারে।
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুর রহমান বলেন, ঝড়ের পর আক্কেলপুর পৌরসভার আংশিক এলাকা ও রুকিন্দীপুর ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ সচল করা সম্ভব হয়েছে। বর্তমানে প্রায় ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন আছেন। দ্রুত মেরামত সম্পন্ন করে সব এলাকায় লাইন সচল করার কাজ চলমান রয়েছে।

এস আই পাভেল, জয়পুরহাট (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর)