ঈদে বেড়াতে যাওয়ার পথে পিকআপচাপায় শ্যালক-দুলাভাই নিহত
ঈদ উপলক্ষে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার পথে পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
আজ সোমবার (১ জুন) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে জয়পুরহাটের ক্ষেতলালের নিশ্চিন্তা বাজার–চানপাড়া আঞ্চলিক সড়কের খড়িকাটা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন–কালাই উপজেলার সড়াইল গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৮) ও তাঁর শ্যালক হারুঞ্জা গ্রামের সামছুল ইসলামের ছেলে ফেরদৌস (১২)। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ইমনের স্ত্রী সুরাইয়া আক্তার(১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওনা হন ইমন সরকার, তাঁর স্ত্রী ও শ্যালক। পথে খড়িকাটা এলাকায় পৌঁছালে সড়কের ওপর শুকাতে দেওয়া খড়ের কারণে পিছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ইমন খন্দকার ও ফেরদৌস ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ইমনের স্ত্রী সুরাইয়া আক্তার।
স্থানীয়রা বলছেন, ধান কাটার মৌসুমে ওই আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে প্রায়ই খড় ও ধান শুকানোর জন্য রাস্তার ওপর ছড়িয়ে রাখা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কে ছড়িয়ে থাকা খড়ের কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারাতে পারে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত ইমনের বড় ভাই রাজুন খন্দকার বলেন, আমার ছোট ভাই তার স্ত্রী ও শ্যালককে নিয়ে আমার ছোট খালার বাসা শালাইপুর যাচ্ছিল। যাওয়ার পথে দুর্ঘটনা হয়।

এস আই পাভেল, জয়পুরহাট (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর)