পরিবেশ রক্ষায় তত্ত্ব নয়, অভ্যাসের পরিবর্তন চান গাজীপুরের ডিসি
পরিবেশ সংরক্ষণ কেবল সভা-সেমিনারের তাত্ত্বিক আলোচনার বিষয় নয়, বরং এটি প্রতিটি নাগরিকের দৈনন্দিন অভ্যাসের প্রতিফলন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। নিজের যাপিত জীবনের উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমি যেখানেই যাই, আমার ব্যবহৃত টিস্যুগুলো পকেটে রেখে দেই এবং বাসায় ফেরার পর নির্দিষ্ট ডাস্টবিনে ফেলি।’
আজ মঙ্গলবার (১২ মে) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তরের ‘মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান।
বক্তব্য দেওয়ার সময় জেলা প্রশাসক পরিবেশের ওপর মানুষের নিষ্ঠুর আচরণের কঠোর সমালোচনা করে বলেন, সব ধর্মেই পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দেশনা দেওয়া হয়েছে। যারা কলকারখানায় ইটিপি ব্যবহার করছে না, অযথা গাড়ির হর্ন বাজাচ্ছেন কিংবা যেখানে-সেখানে ময়লা ফেলছেন, তারা মূলত অমানবিক কাজ করছেন। শব্দ দূষণ রোধে তিনি নিজেও সবসময় নিজের ফোন সাইলেন্ট রাখেন বলে উল্লেখ করেন এবং সবাইকে মানবিক মূল্যবোধ জাগ্রত করে সুঅভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তন ও প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতা তুলে ধরে বলেন, এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মকে চরম মূল্য দিতে হবে। সংকট মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানো এবং প্লাস্টিক বর্জন করে পরিবেশবান্ধব জীবনযাপনের ওপর জোর দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, উপপরিচালক সৈয়দ আহম্মদ কবীর, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির এবং পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরেফিন বাদল। জেলা প্রশাসকের এই ব্যক্তিগত সচেতনতার গল্প উপস্থিত সবাইকে পরিবেশ রক্ষায় নতুন করে ব্রতী হতে অনুপ্রাণিত করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক