মিথ্যা তথ্য দিয়ে চিকিৎসাসেবা, হোমিও হলসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে মিথ্যা তথ্য দিয়ে চিকিৎসাসেবা পরিচালনা ও ভোক্তা অধিকার লঙ্ঘনের অপরাধে একটি হোমিও হলসহ দুটি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১৩ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।
অভিযানে ‘টিংচার হোমিও হল’ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি ‘ইএনটি কলিকাতা’ নামে মিথ্যা তথ্য ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে সাধারণ রোগীদের বিভ্রান্ত করে আসছিল। এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ‘জুঁই অ্যান্ড জিহাদ ভ্যারাইটিজ’ নামক একটি দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর মো. তারিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি চৌকস দল।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর