রঙ মিশিয়ে ভেজাল তিল তৈরি, দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় লাল তিলে কৃত্রিম রঙ মিশিয়ে ভেজাল কালো তিল তৈরির অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৬ জুন) জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে উপজেলার বহরপুর বাজার এবং জামালপুর বাজার এলাকায় দিনব্যাপী যৌথ অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন আব্দুল হাই বিশ্বাস (৫৫) ও শহিদুল বিশ্বাস (৬২)।
অভিযান সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক ও ডা. মো. আশিকুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার দিনব্যাপী ওই অভিযান পরিচালিত হয়। এসময় আব্দুল হাই বিশ্বাস ও শহিদুল বিশ্বাসকে লাল তিলে কৃত্রিম রঙ মিশিয়ে কালো তিল তৈরি করতে দেখা যায়। এসব ভেজাল তিল তারা আসল কালো তিল হিসেবে বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে নিরাপদ খাদ্য আইনে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানকালে কারখানা থেকে ২২ বস্তা কৃত্রিম রঙ মিশ্রিত ভেজাল তিল এবং তৈরিতে ব্যবহৃত ক্ষতিকর রঙের কৌটা জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব ভেজাল তিল বিধি মোতাবেক ধ্বংস করার জন্য নিরাপদ খাদ্য কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে রাজবাড়ী জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. পনিরুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মো. কবির হোসেন, রাজবাড়ী