ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ২০ শিশু
ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশু। গতকাল বুধবার (১৩ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। ফেরত আসা শিশুদের মধ্যে ১৩ জন মেয়ে এবং ৭ জন ছেলে রয়েছে।
ফেরত আসা শিশুরা যশোর, নড়াইল, খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, ২০২৪ সালের শুরুর দিকে এসব শিশু দালালের মাধ্যমে অবৈধপথে তাদের বাবা-মায়ের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গে গিয়েছিল। সেখানে তাদের বাবা-মায়েরা বাসা-বাড়ি ও কৃষিকাজে যুক্ত ছিলেন। পরে ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। অবৈধ অনুপ্রবেশের অপরাধে সে দেশের আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থার আবেদনের প্রেক্ষিতে শিশুদের পশ্চিমবঙ্গের ‘কিশোলয়’ ও ‘সুরকন্যা’সহ মোট ৭টি শেল্টারহোমে রাখা হয়। পরবর্তীতে উভয় দেশের দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টায় ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার সন্ধ্যায় তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে শিশুদের থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’, ‘বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি’ ও ‘রাইটস যশোর’ নামে তিনটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) মানবাধিকার সংস্থাগুলো তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে।

মহসিন মিলন, বেনাপোল