ভারতে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ তরুণী
ভালো কাজের আশায় অবৈধভাবে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়া ছয় বাংলাদেশি তরুণী তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন। ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা তরুণীরা হলেন- নুসরত মন্ডল, ফাতেমা জান্নাত, মিম আক্তার, সাদিয়া আক্তার, রিপা খাতুন ও আরোহী মন্ডল। তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল ও চাঁদপুর জেলার বাসিন্দা।
ফেরত আসা ফাতেমা জান্নাত জানান, ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে ২০২৩ সালে তারা সীমান্তপথ দিয়ে অবৈধভাবে ভারতের হায়দারাবাদে যান। সেখানে বাসা-বাড়ি এবং বিউটি পার্লারে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে তারা আটক হন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের তিন বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়। সাজাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে উভয় দেশের দূতাবাসের সমঝোতা ও আইনি প্রক্রিয়া শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফেরার সুযোগ পান।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মুর্তজা আলী জানান, ভারত ফেরত ছয় তরুণীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি বাংলাদেশি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে।
জাস্টিস অ্যান্ড কেয়ার’র সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, আটক নারীরা ভারতের হায়দারাবাদে তিন বছর কারাভোগের পর আজ দেশে ফিরেছেন। আমরা বেনাপোল পোর্ট থানা থেকে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছি। ইতোমধ্যে তাদের নিজ নিজ পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মহসিন মিলন, বেনাপোল