ট্রলার থেকে নামার সময় নদীতে পড়ে নিখোঁজ চালক
বাগেরহাটের মোংলায় ট্রলার থেকে নামার সময় নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন মো. হোসেন মোড়ল (৪০) নামে এক ট্রলার চালক। আজ বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে মোংলা পৌর শহরের লেবার ঘাট সংলগ্ন মোংলা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হোসেন মোড়ল খুলনার দাকোপ উপজেলার চালনা এলাকার মৃত মো. ইউনুস মোড়লের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হোসেন মোড়ল প্রতিদিনের মতো এদিন ভোরেও খুলনার চালনা থেকে ‘রেডি স্টার হ্যাচারী’র পোনা নিয়ে মোংলা ঘাটে আসেন। মোংলা লেবার ঘাটে ট্রলারটি ভেড়ানোর পর নামতে গিয়ে পা পিছলে তিনি হঠাৎ নদীতে পড়ে তলিয়ে যান।
ঘটনার পর পরই স্থানীয় ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে একে একে মোংলা ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিত উদ্ধার অভিযান শুরু করে। তবে দুপুর পর্যন্ত নিখোঁজ চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
মোংলা ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট লিডার মো. দেলোয়ার হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নিয়েছে। প্রবল স্রোত ও প্রতিকূলতার মধ্যেও নৌবাহিনী ও কোস্ট গার্ডের সহায়তায় তল্লাশি চালানো হচ্ছে। নিখোঁজ হোসেন মোড়ল উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

আবু হোসাইন সুমন, মোংলা