হিলি বন্দরে ১০ মাসে রাজস্ব আয় ৫০০ কোটি টাকা
২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি পৌঁছেছে দিনাজপুরের হিলি স্থলবন্দর কাস্টমস স্টেশন। ফলে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে কাস্টমস কর্মকর্তাদের সহযোগিতায় প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নির্ভীক চাকমা।
নির্ভীক চাকমা জানান, চলতি অর্থবছরের ১০ মাসে হিলি স্থলবন্দর কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭৬৬ কোটি ৩৪ লাখ টাকা। এটি এনবিআর থেকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বিপরীতে আদায় হয়েছে ৪৯৯ কোটি ৭৭ লাখ টাকা।
নির্ভীক চাকমা আরও জানান, বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। চলতি অর্থবছরে এই পর্যন্ত ভারত থেকে মোট ছয় লাখ ৬৪ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। এসব পণ্য থেকে সরকার প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব পেয়েছে।
এদিকে কাস্টমস কার্যালয় সূত্রে জানা গেছে, মাসভিত্তিক রাজস্ব আদায়ের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, গত বছরের জুলাই মাসে রাজস্ব আদায় হয় ৩৩ কোটি ৭৪ লাখ টাকা, আগস্টে ৪৪ কোটি ৮৮ লাখ, সেপ্টেম্বরে ৫৪ কোটি ৪৮ লাখ, অক্টোবরে ৫৬ কোটি ৪৯ লাখ, নভেম্বরে ৪২ কোটি ৯৯ লাখ এবং ডিসেম্বরে ৪৭ কোটি ৭০ লাখ টাকা।
চলতি অর্থবছরের জানুয়ারি মাসে আদায় হয় ৪৪ কোটি ৯১ লাখ টাকা, ফেব্রুয়ারি মাসে ৫৬ কোটি ৮১ লাখ, মার্চে ৬১ কোটি ৩৯ লাখ এবং এপ্রিলে সর্বোচ্চ ৬৫ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।
হিলি স্থলবন্দর সংশ্লিষ্টরা বলছেন, আমদানি-রপ্তানি কার্যক্রম আরও বাড়লে অর্থবছরের শেষ দিকে রাজস্ব আদায়ের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এর ফলে এনবিআরের বেঁধে দেওয়া ৭৬৬ কোটি ৩৪ লাখ টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

জাহিদুল ইসলাম, হিলি