ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ
পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকচাপায় পাপড়ি রানী রায় (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
আজ মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার সেবেন রায়ের মেয়ে।
বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করায় প্রায় দেড় ঘণ্টা এশিয়ান মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সেবেন রায় বিদ্যালয় মাঠে ভুট্টা শুকাতে দেন। শিশু পাপড়ি বাবার সঙ্গে দেখা করতে সেখানে যায়। একপর্যায়ে খেলতে খেলতে সে মহাসড়কে উঠে পড়লে পঞ্চগড়গামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর পুলিশ পাপড়ির মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় একটি ওষুধ কোম্পানির গাড়ি ও যাত্রীবাহী বাসেও ভাঙচুরের ঘটনা ঘটে।
এরপর দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তার আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করা হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি সেলিম মালিক জানান, মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

হাসান রায়হান, পঞ্চগড় (দেবীগঞ্জ)