নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়ে গর্তের পানিতে ডুবে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে।
মৃত আব্দুর রহমান উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কুন্দুলপাড়া গ্রামের মোহাম্মদ আল আমিনের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে শিশু আব্দুর রহমান তার মা শিউলি বেগমের সাথে নাকাই গ্রামে নানা আব্দুল খালেকের বাড়িতে বেড়াতে যায়। আজ সকালে তাদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল।
শিশুটির মা শিউলি বেগম বলেন, আজ সকালে আব্দুর রহমান উঠানে খেলা করছিল। তাকে খেলতে দেখে আমি বাড়ির ভেতরে যাই। কিছুক্ষণ পর ফিরে এসে দেখি সে সেখানে নেই। পরে আশপাশে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনের একটি গর্তের পানিতে বাঁশের লাঠি দিয়ে খোঁজার চেষ্টা করি। তখন লাঠির মাথায় কিছু একটা আটকায়। পরে গর্তে নেমে আব্দুর রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়।
ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা আল আমিন। তিনি জানান, আজ সকালেই মা ও ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই পথিমধ্যে ছেলের পানিতে ডুবে মৃত্যুর খবর পান তিনি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনাটি তিনি শুনেছেন।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)