হাসপাতালে আগুন আতঙ্কে নামতে গিয়ে রোগীর মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ভবনের তিন তলার ইমারজেন্সি ওটি (অপারেশন থিয়েটার) ও স্টোর রুমে লাগা আগুনের আতঙ্কে তাড়াহুড়ো করে নামার সময় অক্সিজেনের অভাবে নাসরিন নাহার (২২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। নিহত তরুণী খুলনার কয়রা এলাকার নেছার আলির মেয়ে।
হাসপাতাল সূত্র জানায়, জন্মগত ডায়াবেটিসের কারণে গত মঙ্গলবার (১৯ মে) খুমেক হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন নাসরিন। আজ বুধবার (২০ মে) সকাল ৬টায় যখন হাসপাতালের তিন তলায় হঠাৎ আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে, তখন অন্যান্যদের মতো নাসরিন ও তার স্বজনদের মধ্যেও তীব্র আতঙ্ক দেখা দেয়। ভবন থেকে হুড়োহুড়ি করে নিচে নামার চেষ্টা করার সময় অসাবধানতাবশত তার মুখের অক্সিজেন মাস্কটি খুলে যায়। আশঙ্কাজনক অবস্থায় থাকা ওই রোগী মাস্ক খুলে যাওয়ার পর তীব্র অক্সিজেনের অভাবে মারা যান বলে ধারণা করা হচ্ছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. দিলীপ কুমার।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা