খালে পড়ে ছিল ১০৬ বছর বয়সী বৃদ্ধের মরদেহ
খুলনার পাইকগাছায় খালের পাড় থেকে বিরিঞ্চী পদ মণ্ডল (১০৬) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে উপজেলার লতা ইউনিয়নের একটি খালের পাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, নিহত বিরিঞ্চী মণ্ডল গত দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। কাউকে কিছু না বলে প্রায়ই তিনি বাড়ি থেকে বের হয়ে যেতেন। গতকাল রোববারও তিনি সারাদিন বাড়ির বাইরে ছিলেন। পরে সন্ধ্যায় ছেলেরা তাকে খুঁজে বাড়িতে নিয়ে আসে। কিন্তু ওই দিনই রাত ৯টার দিকে তিনি আবারও সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান। রাত ১২টার দিকে স্থানীয় একটি বাজার থেকে কয়েকজন ব্যক্তি ফোনে ছেলেদের জানান যে বিরিঞ্চী মণ্ডল সেখানে আছেন। তবে ছেলেরা সেখানে গিয়ে তাকে আর খুঁজে পায়নি।
আজ সোমবার ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালের পাড়ে বিরিঞ্চী মণ্ডলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা