স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
আশুলিয়ার জিরাবোতে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী রেজাউল করিম মাদবরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ মে) ঢাকার সপ্তম অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মাসুদ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জিয়াউল হক জিয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিচারক কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন।
নথি থেকে জানা গেছে, আট বছরের এক মেয়েকে নিয়ে আশুলিয়ার জিরাবো এলাকায় থাকতো রেজাউল ও তার স্ত্রী সিমা আক্তার। সিমা গার্মেন্টসে চাকরি করতেন। তবে রেজাউল কোনো কাজ করতো না। কাজের কথা বললে সিমাকে মারধর করতো। ২০১৬ সালের ২৪ এপ্রিল ভোর ৫টার দিকে এ বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। পরে সিমাকে মাথায় আঘাত ও জবাই করে হত্যা করে রেজাউল। পালানোর সময় বাড়ির মালিক তাকে ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় সিমার বাবা জাহিদুল ইসলাম ওই দিনই আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় রেজাউল। পরে মামলা তদন্ত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক একই ৩১ অগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত প্রতিবেদক