ছাত্রদলের মামলায় এনসিপিনেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের হত্যার হুমকির অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে সদর থানা পুলিশের একটি দল তারেক রেজাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, এনসিপিনেতা তারেক রেজা আজ সন্ধ্যায় শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলনায়তনের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ঘটনাস্থলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান ও তার দল এবং সাদা পোশাকে পুলিশের বিশেষ দল, গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর, হত্যার হুমকির অভিযোগে গতকাল শনিবার এনসিপিনেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলমান আছে।
গত শুক্রবার ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি, মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় আট নেতাকর্মীকে আসামি করে সদর থানায় মামলা করেন। পরের দিন দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির মামলা করেন। ওই মামলায় আজ সন্ধ্যায় তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)