কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাদের ডিম উৎসর্গ করলেন হাসনাত
লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য (এমপি) হাসনাত আব্দুল্লাহর সফর ঘিরে একাধিকবার বিক্ষোভ, হট্টগোল ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা হাসনাত আব্দুল্লাহ ও তার সঙ্গীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। তবে ডিম হামলার শিকার হয়ে সেই হামলাকারীদেরই ডিম উৎসর্গ করেছেন হাসনাত আব্দুল্লাহ।
লন্ডনের ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তৃতা শুরু করেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে পালিয়ে থাকা আওয়ামী লীগনেতাদের ডিম উৎসর্গ করে। গতকাল সোমবার (১৫ জুন) জাতীয় নাগরিক পার্টি ইউকে অলায়েন্সের উদ্যোগে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন মায়েদা ব্যাংকুয়েটিং হলে এক সভার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন লন্ডনে অবস্থানরত হাসনাত আব্দুল্লাহ। তার আসার খবরে বিকেল থেকে ভেনুর বাইরে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।
অন্যদিকে, এনসিপির সমর্থকরা অনুষ্ঠানস্থলের সামনে অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয় এবং এনসিপি কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে হাসনাতকে এ সময় ডিম হামলা থেকে বাঁচতে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। পরে পুলিশের সহযোগিতায় সেখান থেকে বের হন তিনি।
এর আগে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার এলেম পার্কে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে একদফা উত্তেজনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীরা পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন ব্যক্তি তাদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। সেখানেও তার সঙ্গে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিম হামলার পাল্টার জবাব ডিম দিয়েই দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখার শুরুতেই একটি ডিম হাতে নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিভিন্ন প্রান্তে যেসব আওয়ামী লীগার পালিয়ে আছে, যারা নিজেরা পালিয়ে থেকে অন্যদের বলে পালাবার জায়গা পাবেন না, দুনিয়ার সব প্রান্তে পালিয়ে থাকা সেসব লীগ নেতাদের এই ডিম ডেডিকেট (উৎসর্গ) করলাম।
হাসনাতের এই বক্তব্যের পর অনুষ্ঠানে হাস্যরসের সৃষ্টি হয়। আওয়ামী লীগের ডিম হামলার বিপরীতে হাসনাতের ডিম উৎসর্গ করার বিষয়টি নিয়ে নেটিজেনরাও মেতেছেন হাস্যরস আর মিশ্র প্রতিক্রিয়ায়।

এনটিভি অনলাইন ডেস্ক