জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীদের ক্রিকেট খেলা
জামালপুরে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের দেওয়া আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় দ্বিতীয় দিনের মতো জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ক্রিকেট খেলছে স্থানীয়রা। সোমবার (২৫ মে) বেলা ১টার দিকে পৌর শহরের বাইপাসে এ ঘটনা ঘটে।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা মহাসড়কের মাঝখানে ব্যাট-বল নিয়ে ক্রিকেট খেলায় মেতে ওঠে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে ঢাকা থেকে আসা ও ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।
স্থানীয়রা জানায়, দীর্ঘ ১৯ বছর ধরে দড়িপাড়া, দাপুনিয়াসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষ ভয়াবহ জলাবদ্ধতার শিকার। শত শত একর ফসলি জমি, ঘরবাড়ি ও স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল পৌরসভা ও পুলিশ প্রশাসন এসে বলেছে জলাবদ্ধতা নিরসনে তারা ব্যবস্থা নেবে। কিন্তু এখনও তারা কোনো ব্যবস্তা নেয়নি। তাই তারা আজও রাস্তা অবরোধ করে।
আন্দোলনকারী ফাহিম বলেন, প্রশাসন আশ্বাস দিয়ে কাজ না করায় আজ আমরা দ্বিতীয় দিনের মতো এ অবরোধ কর্মসূচি পালন করছি। আমাদের পানি নিষ্কাশনের কাজ শুরু করলে আমরা রাস্তা থেকে সরে যাব। আমাদের খেলার মাঠে পানি, খেলব কোথায়—তাই রাস্তায় খেলছি।
ঢাকা থেকে আসা মানিক নামের যাত্রী বলেন, আমার বাড়ি মাদারগঞ্জ। আমি ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি। এখন এখানে এসে দেখি রাস্তা অবরোধ করে রেখেছে। আন্দোলন করার প্রয়োজন তারা প্রশাসনের কাছে যাক রাস্তায় কেন। এদিকে যানজটে আটকে পড়েছি। আবার দেখি রাস্তার মাঝখানে ক্রিকেট খেলা হচ্ছে, এতে আমরা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছি।
এ বিষয়ে জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া বলেন, গতকালও তারা রাস্তা অবরোধ করেছিল। আজও করেছিল। আজ আমরা তাদের সঙ্গে বলে কথা বলেছি। তারা অবরোধ তুলে নিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী দুই দিন ধরে সড়ক অবরোধ করছে। আজ তাদের স্থায়ী ড্রেনের ব্যবস্থা করা হবে বলা হয়েছে। পরে তারা অবরোধ তুলে নিয়েছে।

আসমাউল আসিফ, জামালপুর