নিজ দলের কর্মীকে মারধরের অভিযোগ ২ শিবিরনেতার বিরুদ্ধে
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় এক তরুণীর সঙ্গে মোবাইলফোনে কথা বলার জেরে ছাত্র শিবিরের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে সংগঠনটির দুই নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী শিবিরকর্মী হাসিবুল ইসলাম উপজেলার জগদীশপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী শিবিরকর্মীর অভিযোগে জানা যায়, গতকাল শনিবার (৩০ মে) দিনগত রাত প্রায় ১১টার দিকে কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামের আমেরিকা রোড এলাকায় মোবাইল ফোনে ডেকে নিয়ে তাকে মারধর করা হয়।
হাসিবুল ইসলামের দাবি, কোটচাঁদপুর থানা ছাত্র শিবিরের সভাপতি সিয়াম হোসেন ও গালিব নামে দুই ব্যক্তি তাকে সেখানে ডেকে নেন। পরে তারা তাকে একটি মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তিনি বিষয়টি স্বীকার করলে অভিযুক্ত থানা ছাত্র শিবিরের সভাপতি ক্ষুব্ধ হয়ে লাঠিপেটা, কিল, ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগ করেন। এতে তিনি গুরুতর আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে কোটচাঁদপুর থানা ছাত্র শিবিরের সভাপতি অভিযুক্ত সিয়াম হোসেন মুঠো ফোনে বলেন, বিষয়টি নিয়ে আমরা নিজেরা বসে মীমাংসা করে নিয়েছি। আর কোনো সমস্যা নেই। এটা নিয়ে আর কোন কিছু বলতে চাচ্ছি না।
ভুক্তভোগীর চাচা আসাদুল ইসলাম মুঠোফোনে জানান, ঘটনার পর তারা থানায় মৌখিক অভিযোগ করেছিলেন। পরে সংগঠনের নেতা ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)