জয়পুরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জয়পুরহাটের কালাইয়ে পুকুরের পানিতে ডুবে জোবায়ের নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টার দিকে কালাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালিমোহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের ওই গ্রামের মো. জুয়েলের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সকালের দিকে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় জোবায়ের। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এস আই পাভেল, জয়পুরহাট (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর)