সেতু আছে, সড়ক নেই
সংযোগ সড়ক নেই কালিয়ার নলিয়া নদীর নতুন সেতুতে, ৫ কোটির অবকাঠামো অব্যবহৃত
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া বাজারসংলগ্ন নলিয়া নদীর ওপর নির্মিত নতুন সেতুটি সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে ব্যবহার করা যাচ্ছে না। পাঁচ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই অবকাঠামো স্থানীয় মানুষের যাতায়াত দুর্ভোগ কমাতে না পারায় চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।
এলজিইডি অফিস সূত্রে জানা যায়, কালিয়া পাবলিক লাইব্রেরি-যোগানিয়া জিসি সড়কের ৫১২০ মিটার চেইনেজে প্রতিস্থাপন ক্যাটাগরিতে ৪৫ দশমিক ০৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুটি নির্মাণ করা হয়। প্রকল্পটির চুক্তিমূল্য ছিল ৫ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৪২১ টাকা। কাজের মেয়াদ নির্ধারণ করা হয়েছিল ১৪ জানুয়ারি ২০২৪ থেকে ২৩ মার্চ ২০২৫ পর্যন্ত।
নির্ধারিত সময়ে সেতুর মূল কাঠামো নির্মিত হলেও দুই পাশে প্রয়োজনীয় সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) না থাকায় কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। ফলে বাজার, স্কুল, ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষকে বাধ্য হয়ে বিকল্প হিসেবে পুরাতন ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি সেতু ব্যবহার করতে হচ্ছে।
স্থানীয় শিক্ষক ছগির মৃধা বলেন, সেতুর উত্তর-পূর্ব পাশে কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও কাঁচাবাজার এবং দক্ষিণ পাশে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এই রুটে চলাচল করেন। কিন্তু সংযোগ সড়কের অভাবে নতুন সেতুটি কোনো কাজেই আসছে না।
বাজারে আসা মনোয়ারা বেগম ও ট্রাকচালক জমির উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, সেতু নির্মাণের দীর্ঘ সময় পার হলেও সড়ক সংযোগের কাজ শেষ না হওয়াটা দুঃখজনক। পণ্য পরিবহণ সহজ করার আশায় নতুন সেতু হলেও এখন উল্টো দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ব্যবসায়ী রাসেল শেখ জানান, যানবাহন সহজে চলাচল করতে না পারায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম বলেন, কলাবাড়িয়া এলাকার সেতুটি স্থানীয় জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংযোগ সড়ক নির্মাণসংক্রান্ত বিষয়টি আমাদের নজরে রয়েছে। সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতোমধ্যে সেতুর সংযোগ সড়কের জন্য অধিগ্রহণকৃত জমির অধিকাংশ অংশই বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করছি, অবশিষ্ট প্রক্রিয়াগত কাজ সম্পন্ন হওয়ার পর দ্রুত সংযোগ সড়কের নির্মাণ কাজ শেষ করে সেতুটি জনগণের ব্যবহারের জন্য পুরোপুরি চালু করা যাবে।

খাইরুল চৌধুরী, নড়াইল (কালিয়া)