বাংলাদেশের খাদ্যপণ্য যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি হয় : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন ধরনের খাদ্য পণ্য বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহসহ বিশ্বের বিভিন্ন বাজারে রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বৈদেশিক বাজারে এসব পণ্যের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা দেশের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করছে।
আজ সোমবার (৮ জুন) সংসদে চট্টগ্রাম-১৪ আসনের সরকারি দলের সদস্য জসীম উদ্দীন আহমেদের লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের বিকাশের ফলে বাংলাদেশে উৎপাদিত নানা ধরনের খাদ্য পণ্য আন্তর্জাতিক বাজারে স্থান করে নিয়েছে। বর্তমানে এসব পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, ভারত, নেদারল্যান্ডস এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে নিয়মিত রপ্তানি করা হচ্ছে।
মন্ত্রী জানান, রপ্তানিযোগ্য খাদ্য পণ্যের তালিকায় রয়েছে চা, বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল, পান পাতা, তৈলবীজ, চিনি, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ভোজ্য তেল, বিভিন্ন ধরনের কোমল পানীয় এবং সাদা ও হিমায়িত মাছ।
মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের কারণে বাংলাদেশের খাদ্য পণ্যের গ্রহণযোগ্যতা বিদেশি বাজারে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে রপ্তানি বাজার বহুমুখীকরণ এবং নতুন বাজার অনুসন্ধানের উদ্যোগও অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক