নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে রাজমিস্ত্রি হাসপাতালে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (২৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এই ঘটনা ঘটে। আহত ফারুক হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারুক হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ৩ থেকে ৪ জনের একদল দুর্বৃত্ত সেখানে এসে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই তারা ফারুককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার তলপেট ও হাঁটুতে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে। হাসপাতালে ভর্তির পর তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, দুর্বৃত্তরা ওই যুবককে গুলি করে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় কোনো গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জেরে এই গুলির ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চালানো হচ্ছে।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী