বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের ওপর হামলার চেষ্টার ঘটনায় এক ভারতীয় চোরাকারবারি গুলিবিদ্ধ হয়েছে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালালে ওই চোরাকারবারি আহত হয়।
শনিবার (১৩ জুন) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে বড়লেখা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন।
বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় বিজিবি সদস্যরা দুজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করেন। এ সময় চোরাকারবারিরা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি টহল দলের ওপর অতর্কিতে হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও নিজেদের সুরক্ষায় বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হয়।
ঘটনার পর আহত ব্যক্তি ও তার সঙ্গী দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষায় যে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবি তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

আশিকুল ইসলাম, মৌলভীবাজার (বড়লেখা-কুলাউড়া-জুড়ী)