পটুয়াখালীতে কৃষকদের নিয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কংগ্রেসের আয়োজন করা হয়।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম মজুমদারের সভাপতিত্বে কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা মো. কবির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মো. ইসমাইল হোসেন, গণঅধিকার পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান এবং সাংবাদিক এম এ ইউসুফ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী ও মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা অংশ নেন। কংগ্রেসে অংশগ্রহণকারী সফল কৃষকরা মাঠ পর্যায়ে অর্জিত তাদের বাস্তব অভিজ্ঞতা ও সফলতার গল্প অন্যান্যদের মাঝে তুলে ধরেন। পাশাপাশি টেকসই কৃষি উন্নয়ন, বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করার বিষয়ে নানামুখী আলোচনা করা হয়।

কাজল বরণ দাস, পটুয়াখালী