খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলার মাঠের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল বুধবার (১০ জুন) বিকেলে রূপগঞ্জের পর্শি এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, পর্শি ও গোয়ালপাড়া এলাকায় কোনো খেলাধুলার মাঠ নেই। মাঠ না থাকায় এসব এলাকার স্কুলপড়ুয়া ছাত্রসহ কিশোর ও যুবকেরা খেলাধুলা করতে পারছে না। ফলে সুস্থ বিনোদনের অভাবে অনেক যুবক আজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে।
তারা আরও জানান, পর্শি এলাকায় বেশ কিছু সরকারি পরিত্যক্ত খাস জমি রয়েছে। স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি নির্বাচিত হলে সেই সরকারি খাস জমি এলাকার শিক্ষার্থী, কিশোর ও যুবকদের খেলার মাঠ হিসেবে ব্যবহারের ব্যবস্থা করে দেবেন।
তাই পর্শি মৌজার সরকারি খাস জমিটুকু যেন খেলার মাঠের জন্য বরাদ্দ দেওয়া হয়, সেজন্য স্থানীয় সংসদ সদস্য ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)