মাদক ব্যবসার অভিযোগে নারীকে বেঁধে গণধোলাই
শরীয়তপুরে মাদক বিক্রি ও হানিট্রাপের অভিযোগে এক নারীকে গণধোলাই দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মাথার চুল কেটে ও জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং শাবনুর মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পালং মডেল থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় বাসিন্দা সুলতানা আক্তার মলির বিরুদ্ধে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন ব্যক্তিকে পরকীয়ার জালে ফাঁসিয়ে অর্থ আত্মসাৎ করতেন বলেও অভিযোগ। এ বিষয়ে এলাকার লোকজন একাধিকবার তাকে সতর্ক করলেও কোনো সুরাহা মেলেনি। সবশেষ শনিবার সকালে তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরলে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে একটি বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে তাকে মারধর করা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তার মাথার চুল কেটে এবং গলায় জুতার মালা পরিয়ে আটকে রাখে।
খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ভুক্তভোগী সুলতানা আক্তার মলি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি দাবি করেন, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে তার ওপর এই হামলার ঘটনা ঘটানো হয়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর