মানহানির ২ মামলায় মুফতি আমির হামজাকে জামিন
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো এবং বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার ঘটনায় করা মানহানির দুই মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে জামিন দিয়েছেন আদালত।
আজ রোববার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর ও চৌহালী আমলি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন মুফতি আমির হামজা। শুনানি শেষে বিচারক সুমন কুমার কর্মকার দুটি মামলায় জামিনের আদেশ দেন।
আদালতের এপিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল ও আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। ২১ এপ্রিল তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
পরে গত ২৭ এপ্রিল এই মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন নেন মুফতি আমির হামজা।
আপর দিকে, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আমির হামজার বিরুদ্ধে সদর আমলি আদালতের বিচারক সুমন কুমার কর্মকারের আদালতে মানহানির মামলা হয়।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১৬ জানুয়ারি একটি ওয়াজ মাহফিলে মুফতি আমির হামজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান বাদী হয়ে ২০ জানুয়ারি আমির হামজার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ