ঢাকা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
গোপালগঞ্জ সদরে ঢাকা-খুলনা মহাসড়কে দুটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত অর্ধশত। আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেল সোয়া ৪টার দিকে সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে প্রায় ঘণ্টাব্যাপী সৃষ্টি হয় তীব্র যানজটের।
পুলিশ জানায়, ঢাকাগামী সুন্দরবন পরিবহণের একটি বাস জিএমএস পরিবহণের বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে বাস দুটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায় ও ট্রাকের পিছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় দুই বাসে থাকা অন্তত ৫০ জনেরও বেশি যাত্রী আহত আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। এ সময় জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়। তাৎক্ষণিক নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক শিপলু আহমেদ জানান, আজ বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার চেচানিয়া কান্দি এলাকায় দুটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে তারা স্থানীয় লোকজনের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

মাসুদ পারভেজ, গোপালগঞ্জ