পুলিশের ছিনতাই বিরোধী অভিযানে আহত ওসিসহ দুই পুলিশ সদস্য
রাজধানীর আদাবর থানা এলাকায় ছিনতাইবিরোধী অভিযানকালে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত আদাবর থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে আদাবর থানা পুলিশ। অভিযান পরিচালনাকালে চারজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মো. সজিব হোসেন রুবেল (২৮), মো. আমির (২৮), মো. জয় (২৮) ও মো. কাশেম (২৮)।
আদাবর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে আদাবর থানাধীন মফিজবাগের ৭ নম্বর রোডের একটি দোকানে চাপাতি ঠেকিয়ে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানা পুলিশ ছিনতাইকারীদের ধরতে তাদের একটি আস্তানায় প্রবেশ করলে পুলিশকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়।
পরবর্তীতে বিকেল ৪টার দিকে ডেল্টা গার্মেন্টের পিছনে ছিনতাইবিরোধী অভিযান পরিচালনার সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও সাব-ইন্সপেক্টর (এসআই) তরুণ কুমার আহত হন। এ সময় জীবন বাঁচাতে ও আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে দুজন ছিনতাইকারী ঘটনাস্থলেই গুলিবিদ্ধ ও আহত হয় এবং ঘটনাস্থল থেকে চারজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১টি ছুরি, ১টি চাপাতি, ১টি স্টিলের পাইপ, ২টি হাতুড়ি, ১টি পিভিসি পাইপ এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনার পর পরই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিজস্ব প্রতিবেদক