রাশিয়ান কর্মকর্তাদের নিরাপত্তা পিকআপ উল্টে ২ পুলিশ সদস্য আহত
নাটোরের গুরুদাসপুরে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান কর্মকর্তাদের নিরাপত্তা দিতে যাওয়ার পথে পুলিশের একটি প্রটেকশন পিকআপ ভ্যান উল্টে গেছে। এতে গাড়ি থাকা এক এএসআইসহ দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (১৭ জুন) সকালে গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন নাটোর পুলিশ লাইন্সের এএসআই আবু সাইম ও নায়েক শাহীন আলম।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কয়েকজন রাশিয়ান কর্মকর্তাকে নাটোর জেলা সীমানায় প্রটেকশন (নিরাপত্তা) দেওয়ার জন্য পুলিশ লাইন্স থেকে এএসআই আবু সাইমের নেতৃত্বে একটি বিশেষ টিম গুরুদাসপুর উপজেলার কাছিকাটার উদ্দেশে রওনা দেয়।
পথিমধ্যে পিকআপ ভ্যানটি গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় পুলিশবাহী পিকআপ ভ্যানটি রাস্তার পাশে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় মৎস্যজীবীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় এএসআই আবু সাইম ও নায়েক শাহীন আলমকে উদ্ধার করেন। প্রথমে তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের নাটোর সদর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

হালিম খান, নাটোর