দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯ হাজি
পবিত্র হজ পালন শেষে গতকাল মঙ্গলবার (১৬ জুন) পর্যন্ত সৌদি আরব থেকে ৫৭ হাজার ৬৯৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
হজ অফিস সূত্রে জানা গেছে, ফিরতি যাত্রী পরিবহণে এ পর্যন্ত মোট ১৪২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭০টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
ফিরে আসা হাজিদের মধ্যে ৪ হাজার ৩১৯ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৫৩ হাজার ৩৮০ জন বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করেছেন। অবশিষ্ট হাজিরা নির্ধারিত বিমান সংস্থাগুলোর ফ্লাইটে পর্যায়ক্রমে দেশে ফিরবেন।
এদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৫২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। মৃতদের মধ্যে ৩৭ জন মক্কায়, ১৪ জন মদিনায় এবং একজন জেদ্দায় মারা গেছেন। তবে, মিনায় বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
হজ বুলেটিন অনুযায়ী, অসুস্থতাজনিত কারণে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। এর মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ছাড়া সৌদি আরবের চিকিৎসাকেন্দ্রগুলো মক্কা ও মদিনায় ৬৫ হাজার ৪১০ জন হাজিকে চিকিৎসাসেবা দিয়েছে। একই সময়ে আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১১৩ জন হাজিকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়েছে।
গত ১৮ এপ্রিল প্রথম হজ ফ্লাইটের মাধ্যমে চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয় এবং বহির্গমন কার্যক্রম শেষ হয়েছে গত ২১ মে। অন্যদিকে, ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)