নতুন ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’
ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ২১ মে থেকে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ দেখা যাবে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। এই দুই সিনেমার মাধ্যমেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি।
বিষয়টি নিশ্চিত করেছেন উৎসব-এর প্রধান নির্বাহী জাহিদ হাসান অভি। তিনি জানান, বাংলা ভাষার দর্শকদের জন্য আন্তর্জাতিক মানের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে সহজভাবে বাংলা কনটেন্ট পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ড। ঈদে মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও প্রযুক্তিগত কিছু জটিলতার কারণে সব প্রেক্ষাগৃহে কাঙ্ক্ষিত অভিজ্ঞতা পাওয়া যায়নি। তাই ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণে সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্সে নতুন করে কাজ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
অন্যদিকে মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী সুষ্মিতা চ্যাটার্জি। রোমান্টিক অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়ায়। নির্মাতার দাবি, এটি ‘বরবাদ ইউনিভার্স’-এরই একটি অংশ।
প্রাথমিকভাবে দর্শকরা উৎসব-এর ওয়েবসাইটে সাবস্ক্রিপশন নিয়ে সিনেমা দুটি দেখতে পারবেন। পাশাপাশি প্ল্যাটফর্মটিতে শতাধিক সিনেমা, নাটক ও ওয়েব সিরিজও যুক্ত করা হচ্ছে। খুব শিগগিরই গুগল প্লে স্টোরে ‘উৎসব’ অ্যাপ উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

বিনোদন ডেস্ক