বাগদান সারলেন মিঠুন কন্যা, বিয়ে ৬ ডিসেম্বর
জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন হিন্দি ও বাংলা পর্দার পরিচিত মুখ মিঠুন চক্রবর্তীর দত্তক কন্যা দিশানি চক্রবর্তী। দীর্ঘদিনের প্রেমিক মাইলস ম্যান্টজারিসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বিশেষ মুহূর্তের একাধিক ছবি প্রকাশ করে সুখবরটি নিজেই জানিয়েছেন দিশানি।
জানা গেছে, গত ১২ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সমুদ্রসৈকতের পাশের একটি পাহাড়ি টিলায় ঘনিষ্ঠ আয়োজনের মধ্য দিয়ে আংটি বদল করেন এই যুগল। মোমের আলোয় সাজানো রোমান্টিক পরিবেশে সাদা পোশাকে দেখা যায় ২৫ বছর বয়সী দিশানিকে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার জীবনের সবচেয়ে সহজ ও নিশ্চিত সিদ্ধান্ত।’
দিশানির হবু স্বামী মাইলস ম্যান্টজারিস হলিউডের একজন পেশাদার কালারিস্ট, স্টেডিক্যাম অপারেটর ও সিনেমাটোগ্রাফার। বিভিন্ন চলচ্চিত্র ও বাণিজ্যিক প্রকল্পে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
লস অ্যাঞ্জেলেসের নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে অভিনয় বিষয়ে পড়াশোনা করেছেন দিশানি। তাঁর ব্যক্তিগত জীবনের শুরুর গল্পও অনেকের কাছে অনুপ্রেরণার। জন্মের পর কলকাতায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়ার পর মিঠুন চক্রবর্তী ও তাঁর স্ত্রী যোগিতা বালি শিশুটিকে দত্তক নেন এবং নিজেদের কন্যা হিসেবে বড় করে তোলেন।
পড়াশোনা শেষ করে অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও প্রযোজনাতেও আগ্রহী দিশানি। ‘গিফট’, ‘হলি স্মোক’, ‘আন্ডারপাস’ ও ‘দ্য গেস্ট’সহ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য কাজে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি চিত্রনাট্য ও প্রযোজনার কাজেও যুক্ত ছিলেন।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ৬ ডিসেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন দিশানি ও মাইলস।

বিনোদন ডেস্ক