মহাকাশে প্রেমের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করছেন অংশু
প্রায় সাত বছর আগে ‘ন ডরাই’ দিয়ে আলোচনায় এসেছিলেন নির্মাতা তানিম রহমান অংশু। ২০১৯ সালের ২৯ নভেম্বর মুক্তিপ্রাপ্ত সেই সিনেমাটি ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ছয়টি বিভাগে সম্মাননা অর্জন করে। এরপর দীর্ঘ সময় নতুন কোনো সিনেমা পরিচালনা না করলেও নাটক, ওয়েব কনটেন্ট, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন নির্মাণে ছিলেন নিয়মিত।
সবশেষ ঈদে তাঁর নির্মাণে মুক্তি পায় অপূর্ব ও নাজনীন নীহার অভিনীত ‘অচেনা আমি’। পাশাপাশি প্রকাশিত হয় বালামের গাওয়া ‘মাওলা’ গানের মিউজিক ভিডিও এবং একটি বাণিজ্যিক বিজ্ঞাপন। তবে নতুন সিনেমা নিয়ে কোনো ঘোষণা দেননি তিনি।
অবশেষে নতুন কাজের খবর জানালেন এই নির্মাতা। ১৬ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম পোস্টার প্রকাশ করে ঘোষণা দেন তাঁর নতুন সিনেমা ‘লিম্বো’র। জানানো হয়েছে, এটি হবে মহাকাশকে কেন্দ্র করে নির্মিত একটি প্রেমের গল্প।
প্রকাশিত পোস্টারে দুটি হাত দেখা যায়, যার একটিতে মেহেদির রঙ। রহস্যময় নকশা ও আবহ ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। পোস্টারের সঙ্গে অংশু লিখেছেন, ‘দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনও ফুরায় না। শূন্য আর পূর্ণতার মাঝখানের যে সীমানা, সেখানে হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্পরা এক হয়ে যায়...’
নির্মাতার ভাষ্য, ‘লিম্বো’ মূলত বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর একটি প্রেমের গল্প। তাঁর দাবি, মহাকাশকে কেন্দ্র করে এ ধরনের কাজ বাংলাদেশে আগে হয়নি বললেই চলে। পুরো গল্পটি একটি স্পেসকে ঘিরেই আবর্তিত হবে।
তিনি আরও জানান, বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য ও প্রি-প্রডাকশনের কাজ চলছে। দেশ-বিদেশে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। অভিনয়শিল্পী কিংবা গল্পের বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না তিনি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালে দর্শকদের সামনে আসবে ‘লিম্বো’।

বিনোদন ডেস্ক