মা হওয়ার গুঞ্জনে প্রথমবার মুখ খুললেন সোহিনী
আসন্ন জুলাই মাসে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গাঙ্গুলীর বিয়ের দু’বছর পূর্ণ হবে। তার আগ মুহূর্ত টলিপাড়ায় খবর সূত্রে জানা যায়, মা-বাবা হিসেবে এবার জীবনের নতুন অধ্যায়ের শুভসূচনা করতে চলেছেন এই তারকা দম্পতি। সুখবর প্রকাশ্যে আসার পর থেকে যদিও দু’জনের কেউই কোনো রকম প্রতিক্রিয়া দেননি, তবে এবার টলিপাড়ার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মা হওয়ার জল্পনা নিয়ে প্রথমবার মুখ খুললেন সোহিনী সরকার।
সোহিনী বলেন, ‘এটা একটা অ্যাওয়ার্ড ফাংশন। আমার মনে হয় সেখানে আমরা শুধু অ্যাওয়ার্ড আর শিল্পীর কাজ নিয়েই কথা বলি।’
তার কথায়, ‘আমাদেরও নিশ্চয় সময় আসবে, যখন আমরা সবকিছু জানাব। ওটা আমাদের অধিকার। প্রত্যেকটা মানুষের অধিকার, এই আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেওয়া। সেই সময় নিশ্চয় আমি ভাগ করে নেব।’
অভিনেত্রীর এই মন্তব্যের মাধ্যমে তিনি জানান যে, ব্যক্তিগত জীবনের এমন একটি অত্যন্ত সংবেদনশীল এবং আনন্দের খবর কখন ও কীভাবে ভক্তদের সামনে আনা হবে, সেই সিদ্ধান্ত একান্তই তার। তিনি এখনই এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিতে রাজি নন।
সূত্রের খবর, নতুন সদস্য আসার জন্য নাকি খুব বেশি অপেক্ষা করতে হবে না। চলতি বছরের অক্টোবর মাসেই মা-বাবা হিসেবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। তবে এখনই এই বিষয়টিকে লাইমলাইটে আনতে চাইছেন না এই দম্পতি। এমন আবহেই আবার নেটিজেনদের একাংশ উসকে দিয়েছেন আরজিকর কাণ্ডের আবহে সোহিনী সরকারের ‘এই দেশে মা হতে চাই না’ মন্তব্যকে! তবে নিন্দুকরা যে যাই বলুক, আপাতত শোভন-সোহিনীর ঘোষণার অপেক্ষায় ইন্ডাস্ট্রির বন্ধুমহল।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েছিলেন টলিপাড়ার এই তারকা জুটি। আর কিছুদিনের মধ্যেই তাদের দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ হতে চলেছে। এরই মাঝে বেশ কিছুদিন ধরে বিনোদন দুনিয়ার লাইমলাইট থেকে একটু দূরত্ব বজায় রাখছিলেন সোহিনী।
এমনকি নিজের অভিনীত নতুন সিনেমা ‘ফেরা’-র প্রিমিয়ারেও দেখা মেলেনি তার। অভিনেত্রীর এই আকস্মিক অনুপস্থিতি এবং নীরবতাই মূলত তার মা হওয়ার জল্পনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়।

বিনোদন ডেস্ক