প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের বরবাদসহ আরও তিন সিনেমা
ঈদুল আজহাকে ঘিরে ঢালিউডে ছিল বড় প্রত্যাশা। তবে সেই প্রত্যাশার সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাওয়া যায়নি। ঈদে মুক্তি পাওয়া একাধিক সিনেমা দর্শকদের হলে টানতে ব্যর্থ হয়েছে। এমনকি দেশের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত বহুল আলোচিত ‘রকস্টার’সিনেমাও বক্স অফিসে আশানুরূপ সাড়া তুলতে পারেনি। ফলে দেশের প্রেক্ষাগৃহগুলোতে নেমে এসেছে দর্শকখরা।
এই মন্দা কাটিয়ে আবারও দর্শকদের আকৃষ্ট করতে নতুন উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। আয়োজন করা হয়েছে এক সপ্তাহব্যাপী বিশেষ চলচ্চিত্র উৎসব—‘সামার হিট ফেস্ট’। যেখানে প্রতিষ্ঠানটি আবারও চারটি ব্যবসাসফল সিনেমা দেখাবে।
গতকাল মঙ্গলবার বিকেলে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, আগামী ১৯ জুন থেকে শুরু হয়ে ২৫ জুন পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন। এ সময় দর্শকরা উপভোগ করতে পারবেন রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’, মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’, তানিম নূরের ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’।
নির্বাচিত চারটি সিনোমর মধ্যে ‘বনলতা এক্সপ্রেস’ ছাড়া বাকি তিনটি সিনেমা গত বছরের। মুক্তির সময় প্রতিটি সিনেমাই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। বিশেষ করে ‘বরবাদ’ গড়েছিল দেশের চলচ্চিত্র ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড। ফলে এই ছবিগুলোর পুনঃপ্রদর্শনী নিয়েও দর্শকদের আগ্রহ থাকবে বলেই প্রত্যাশা করছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ‘তাণ্ডব’-এ শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, গাজী রাকায়েত প্রমুখ। ‘বরবাদ’-এ শাকিবের বিপরীতে দেখা যাবে পশ্চিমবঙ্গের ইধিকা পালকে। ‘উৎসব’-এ অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ। আর ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন শরিফুল রাজ, সাবিলা নূর, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও শ্যামল মাওলাসহ প্রমুখ।

বিনোদন ডেস্ক